ধর্মপাশায় সড়কে প্রাণ ঝরাচ্ছে অবৈধ হ্যান্ডট্রলি

ধর্মপাশা প্রতিনিধি
চার দিনের ব্যবধানে ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার ও পার্শ্ববর্তী সড়কে অবৈধ হ্যান্ডট্রলি কেড়ে নিয়েছে এক শিশুসহ দুজনের প্রাণ। তাই ইঞ্জিনচালিত মালবাহী হ্যান্ডট্রলির অবাধ বিচরণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।
শুক্রবার সকালে অবৈধ হ্যান্ডট্রলির চাপায় তামজিদ নামের পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু স্থানীয়দের ভীতকে নাড়িয়ে দিয়েছে। এর আগে গত সোমবার একই এলাকায় মালবাহী হ্যান্ডট্রলির চাপায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। এতে করে স্থানীয়রা মহিষখলা বাজার ও তার আশপাশে হ্যান্ডট্রলির অবাধ চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
স্থানীয় ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের সাউদপাড়া গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে তামজিদ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার খালাতো ভাইয়ের সাথে মহিষখলা বাজারের পশ্চিমপাশে মহিষখলা-কালাগড় সড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় তাহিরপুর উপজেলার বাগলী থেকে একটি মালবাহী হ্যান্ডট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তামজিদের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা হ্যান্ডট্রলির চালক সাইকুল ইসলামকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চালক সাইকুল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের তেরগড় রতনপুর গ্রামের মৃত আব্দুল ওয়াবের ছেলে। এদিকে ওইদিন বিকেলে তামজিদের পরিবার কোনো আইনী ব্যবস্থা গ্রহণ না করে স্থানীয়দের জিম্মায় চালককে মুক্তি দেয় এবং ময়নাতদন্ত ছাড়ই লাশ দাফনের আবেদন করলে পুলিশ তা গ্রহণ করে বলে জানান ঘটনাস্থলে ’ৎফঅ।%ছ্রৃযডাকা মধ্যনগর থানার এসআই আব্দুল জব্বার। এছাড়াও গত সোমবার দুপরে ওই ইউনিয়নের বাকাতলা গ্রামের সামনের সড়কে মালবাহী হ্যান্ডট্রলির চাপায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। ওইদিনও চালক মনসুর মিয়াকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মনসুর তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় শিক্ষক এহসান বিন মর্ত্তুজ বলেন, ‘অবৈধ নিয়ন্ত্রণহীন হ্যান্ডট্রলির অবাধ চলাচলে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানী ঘটাচ্ছে। যদি তা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আরও না জানি কতজনের প্রাণ যায়!’
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘আজকের (শুক্রবার) ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে হ্যান্ডট্রলির অবাধ বিচররণ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘আপাতত মহিষখলা ও তার আশপাশের সড়কে হ্যান্ডট্রলি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মধ্যনগর থানার ওসিকে বলা হয়েছে।’