আকবর হোসেন, জামালগঞ্জ
অবহেলিত হাওর পাড়ের মানুষের দীর্ঘ দিনের দাবী আর স্বপ্ন ছিলো জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিবাস ও ডিগ্রি কলেজের ছাত্রাবাস নির্মাণের। সেই স্বপ্নের পাশাপাশি আরো বড় স্বপ্ন ছিলো জামালগঞ্জ ডিগ্রি কলেজ সরকারীকরণের। আজ সেই স্বপ্নও বাস্তবে রূপ নিলো। ‘বর্ষায় নাও আর হেমন্তে পাও’ এর সাথে মানুষের ‘নুন আনতে পান্তা ফুরায়’,অবস্থার কারণে দরিদ্র মানুষের শিক্ষার স্বপ্ন পূরণ হতো না আগে। এখন প্রতিষ্ঠানগুলো অনেক বেশি সক্ষমতা অর্জন করায় মানুষের শিক্ষা লাভের স্বপ্নকে বাস্তবায়িত করবে।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক রমেশ আদিত্য ও তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রচেষ্টায় ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের আন্তরিকতায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী হোষ্টেলের অনুমোদন পায়।
অনুমোদনের পর গত বছরের ২৮ শে সেপ্টেম্বর বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে ছাত্রী হোষ্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।


