তাহিরপুরে এক রাতে ১০ গরু চুরি

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে একাধিক গৃহস্থের বাড়ি থেকে এক রাতেই প্রায় ৪ লাখ টাকা মুল্যের ১০টি গরু চুরি হয়েছে। গরু চুরি ঠেকাতে এখন গৃহস্থরা রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিচ্ছেন। গরু চুরির অভিযোগ এনে শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের তিওর জালাল গ্রাম থেকে বুধবার রাতে একদল গরু চোর একাধিক গৃহস্থ্যের বাড়ি থেকে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। চোরেরা তিওর জালাল গ্রামের শামসুজ্জামানের ২টি, নুরজামালের ১টি, দুলা মিয়ার ২টি, খুশবুল বেগমের ১টি ও পার্শ্ববর্তী লোহাছুড়া শান্তিপুর গ্রামের    আতাউর রহমানের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। ইতোপূর্বেও ঐ ইউনিয়নের বড়খলা ও বালিজুরী গ্রামে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এদিকে গরু চুরির অভিযোগ এনে শনিবার শামসুজ্জামান নামক এক গৃহস্থ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বালিজুরী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী নেওয়াজ গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, অনেকদিন ধরেই এলাকায় গরু চোরের উপদ্রব শুরু হয়েছে। আমরা বার বার থানা পুলিশকে গরু চুরির বিষয়টি জানিয়ে আসছি কিন্তু যে সব গরু ইতিপুর্বে চুরি হয়েছে সেসব গরু উদ্ধার কিংবা গরু চোর চক্রের সদস্যদের গ্রেফতারে  পুলিশী  তৎপরতা হতাশাজনক।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ  বলেন,‘গরু চুরি নয়, হারানোর অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আপাতত থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।