আকরাম উদ্দিন
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী কাটাখালী বাজারের অবকাঠামোগত উন্নয়ন নেই। দীর্ঘ ৩০ বছর যাবত কোনো উন্নয়ন হয়নি বলে জানান বাজারের ব্যবসায়ীরা। বাজারের ভেতরের এলাকা নিচু থাকায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে পুরো বাজারে কাদার সৃষ্টি হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তায় এবং দোকানপাটের ভেতরে হাটু পানি জমে থাকে। ফলে প্রতিনিয়ত বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ ভোগান্তির শিকার হন।
বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান, প্রায় ৩০ বছরের পুরাতন কাটাখালী বাজার। প্রতিবছর এই বাজার উপজেলা প্রশাসন ইজারা দেন। এতে ২০Ñ২৫ হাজার টাকা রাজস্ব পান সরকার। কিন্তু সরকারীভাবে বাজারের কোনো উন্নয়ন করা হয়নি। বাজারে ১২৫টি দোকানঘর রয়েছে। দীর্ঘদিন ধরে বাজারের ভেতরে পাকা রাস্তার সংস্কার কাজ হয়নি। মাটি ভরাটের উদ্যোগ নেই। কোনো ড্রেনেজ ব্যবস্থাও নেই। বাজারের পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় কোনো ঝাড়–দার নেই। সপ্তাহের প্রতি রবিবার ও বুধবার বাজার বার। এই দুইদিন বেশি বেচাকেনা হয় বাজারে। প্রতিদিন বাজারে আসা ক্রেতা সাধারণ ভোগান্তির শিকার হন।
বাজারের ব্যবসায়ী অনুকুল দে বলেন, ‘আমাদের এই বাজারের কোনো সময় উন্নয়ন হয়নি। ফলে সামান্য বৃষ্টিতে পানি জমে কাদার সৃষ্টি হয়। এই কাদা পানি থাকায় ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি হয় বেশি।’
বাজারের ব্যবসায়ী বদরুল ইসলাম ও ডা. পরিতোষ
তালুকদার বলেন, ‘এই বাজারের অবকাঠামো উন্নয়নের জন্য অফিসে ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট যোগাযোগ করেছি। শুধু আশ্বাসই পেয়েছি। বাস্তবে কোনো উন্নয়ন করেননি কেউ। আমরা এই বাজারের জরুরি উন্নয়ন চাই।’
বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী কলমদর আলী বলেন, ‘আমাদের এই বাজারটি ঐতিহ্যবাহী বাজার, অতি পুরাতন বাজার। বাজারে ১২৫টি দোকানঘর রয়েছে। বর্ষায় বাজারের ভেতরের পাকা রাস্তাসহ দোকান কোঠায় পানি জমে থাকে। যে ক্রেতা একবার বাজারে আসেন, পরে আর আসতে চান না তারা। বরং আমাদেরকে লজ্জা দিয়ে বলেন, ‘তোমাদের বাজারে খালি পানি আর কাদা।’
মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, ‘কয়েকদিন আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলী সাহেবের সাথে কাটাখালী বাজারের পানি নিষ্কাশনের বিষয়ে আলাপ হয়েছে আমার। তিনি আমাকে বলেছেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করে দিতে। পরে বাজেট আসলে ড্রেনেজের কাজ করা হবে।’


