সু.খবর ডেস্ক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারেক রহমানকে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। বিকেল সোয়া পাঁচটার দিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ফুল দেওয়ার পরে খালেদা জিয়া নতুন কমিটির সদস্যদের নিয়ে মোনাজাতে অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টুসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
ফুল দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখার শপথ নিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে জড়িয়েছে। এ মামলায় দেওয়া আগের তিনবার অভিযোগপত্রে তাঁর নাম ছিল না। ক্ষমতায় এসে সরকার তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে।
- মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচারে যাবজ্জীবন
- তারেক রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান


