সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তা চান

সু.খবর ডেস্ক
বাহাত্তরের সংবিধানের আলোকে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সম–অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সংখ্যালঘুদের জন্য করতে হবে আলাদা মন্ত্রণালয়। সব সাম্প্রদায়িক হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। সোমবার বেলা ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ– বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীদের বেদখল হওয়া ও দেবোত্তর সম্পত্তি উদ্ধারে আইন প্রণয়ন করা, দুর্গাপূজায় চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন করা, অর্পিত সম্পত্তি সংশোধনী আইন বাস্তবায়নসহ ১১টি দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি দেবাশীষ পালিত।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ধর্মের প্রতি অবমাননা করে পৃথিবীর কোথাও সুস্থ ও স্থায়ী পরিবেশ সৃষ্টি হতে পারে না। তিনি বলেন, ‘আমাদের দাবি বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন হোক এবং এর আলোকে আমাদের নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠা করা হোক।’
সংগঠনটির সাধারণ সম্পাদক চন্দন তালুকদার বলেন, সহিষ্ণু ও অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনা ও চিন্তা দেশের উন্নয়ন ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে। গণতান্ত্রিক পরিবেশের যে মূল কথা, তা হলো অহিংস মনোভাব ও সহিষ্ণুতা।
সংবাদ সম্মেলনে ২৫ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে শুভেচ্ছা ও দিবসটি উপলক্ষে দেশব্যাপী ৫০টিরও বেশি অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।