জগন্নাথপুর অফিস
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জগন্নাথপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর।
বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) সতিশ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, আনন্দময়ী পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর প্রমুখ।
সভায় জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজাম-পের দায়িত্বশীলরা মুক্ত আলোচনা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্গোৎসব চলাকালে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষায় পূজাম-পসহ বিভিন্ন পয়েন্টে পুলিশবাহিনী টহলে থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকার আহবান জানান।


