অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট যাত্রীদের ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার
হঠাৎ করে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সুনামগঞ্জে বেকায়দায় পড়েছেন যাত্রীরা। সকালে সুনামগঞ্জের সড়কে সড়কে যাত্রী ভোগান্তি দেখা গেছে। জরুরি প্রয়োজনে অনেকে অ্যাম্বুলেন্স লিখা গাড়িতে ওঠে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
যাত্রীরা অনেকে এমন হয়রানি ও কষ্টের কথা বর্ণনা করে বলেছেন, আগে থেকে ঘোষণা হলে হয়রানি কম হতো সকলেরই।
সুনামগঞ্জ সদর উপজেলার আসাউরার বাসিন্দা মিনারা খাতুন। মৌলভীবাজারের একটি ইটভাটার শ্রমিক তিনি। ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। সোমবারে কর্মস্থলে ফেরার কথা তার। সকালে দুই বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। শহরের মল্লিকপুরের নতুন বাসস্টেশনে এসে জানতে পারেন আজ পরিবহন ধর্মঘট। সকল ধরনের যান চলাচল বন্ধ। তিনি হতাশ হয়ে বসেছিলেন স্টেশন এলাকায়।
মিনারা বললেন, দুই বাচ্চাকে নিয়ে স্টেশনেই বসে আছি। যেকোনো ভাবে মৌলভীবাজার যেতে হবে আমার। নয় সমস্যায় পড়ে যাবো। স্টেশনে বসে অপেক্ষা করছি। যদি কোনো ভাবে যাওয়া যায়। ঘন্টাখানেক বসেও দুপুর ১২ টা পর্যন্ত কোন যানবাহনের ব্যবস্থা হয় নি তার।
জানা যায়, সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সুনামগঞ্জে ধর্মঘট চলছে। সিলেট পরিবহন শ্রমিক ফেডারেশন একই সময়ে বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার সকাল থেকে ধর্মঘটের কারণে দূরপাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিলো।
তাহিরপুরের বাসিন্দা মো. সামছুল ইসলাম বললেন, ছাতকে যাবো, কাজের জন্য যাচ্ছি সেখানে, না যেতে পারলে বেতন কেটে দিবে।
সোমবার সকালে বাস স্টেশন এলাকায় দেখা গেছে যাত্রীদের ভিড়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে আবার ভোগান্তির শিকার হয়ে বাড়ি ফিরেছেন তারা।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম জানান, ৫ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জে জেলায় ধর্মঘট চলছে। একইসঙ্গে সিলেট পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটকেও সমর্থন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বললেন, ধর্মঘটি শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জনভোগান্তি দূর করার চেষ্টা করা হচ্ছে। বিভাগীয়ভাবে তারা এই ধর্মঘট আহ্বান করায় বিভাগীয় পর্যায়েও কথা বলা হবে।