তাহিরপুরে সংঘর্ষে আহত ৫ জন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে করোনা টিকা কেন্দ্র থেকে ফেরার পথে সংঘর্ষে ৫ জন আহত, ২ জনকে থানায় আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে করোনা টিকা নেয়ার শেষে বাড়ী ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষ বাঁধে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী জানান, টিকা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে হাসপাতালের সামনে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলো ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম (৪৩), আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ মিয়া (১৭), শুভা আক্তার (১৭), সাকিল মিয়া (১৭), তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উজান তাহিরপুর গ্রামের তায়েফ (১৮)। গুরুতর আহত তায়েফ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। জিহাদ এবং শাকিল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে তাহিরপুর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, এটি হাসপাতালের বাইরের ঘটনা। ডায়াগনস্টিক সেন্টারের মালিকের সাথে ঝগড়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।
তাহিরপুর থানার এসআই জহিরুল হক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে হাসপাতালের সামনে পায়ের উপর পা রাখাকে কেন্দ্র করে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম আহত হন।