জলমহালে বিষ দিয়েছে দুর্বৃত্তরা, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের চাতল উদয়তারা গ্রুপ জলমহালে রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে মাছ মরে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকালে সরেজমিনে শিমুলবাক ইউনিয়নের চাতল উদয়তারা গ্রুপ জলমহালে গিয়ে দেখা যায়, জলমহালের পানিতে মাছ মরে ভেসে উঠেছে। কাক, চিল ভেসে উঠা মরা মাছ দল খাচ্ছে।
এ সময় জেলে পরিবারের নাছির আলী, মুতিউর রহমান, ফারুক মিয়া, সাজিদুর রহমান, আলী হোসেন, সাদিকুর রহমান, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিপন, রফিকুল জানান, আমাদের এই বছর না খেয়ে থাকতে হবে। রাতের আঁধারে কে বা কারা আমাদের জলমহালে বিষ ঢেলে দিয়েছে। আমরা এর বিচার চাই।
ইজারারদার কাঠালিয়া আক্তাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সোনাহর আলী জানান, একটি পক্ষ এই জলমহাল ইজারা নেওয়ার পর থেকেই আমাদের পেছলে লেগে আছে। আমরা যাতে এই জলমহালে লাভবান হতে না পারি সে কারণে বারবার আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। বৃহম্পতিবার দিবাগত রাতে কোন এক সময় আমাদের জলমহালে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়েছে। শুক্রবার সকালে থেকেই জলমহালের মাছ মরে ভেসে উঠতে থাকে। এখন একটি অংশের সবগুলো মাছ মরে ভেসে উঠেছে।
শিমুলবাক ইউপি সদস্য মিজানুর রহমান মিজান জানান, এলাকার জেলেরা এই জলমহাল সরকারের কাছ থেকে ইজারা নিয়েছিলো। কে বা কারা রাতের আঁধারে জলমহালে বিষ ঢেলে এমন ক্ষতিসাধন করেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপরে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন জানান, এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।