হাওরের অনেক স্থানে বাঁধের কাজ শুরু হয় নি

স্টাফ রিপোর্টার
নির্ধারিত সময়ের একমাসের বেশি সময় পার হলেও হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ অনেক স্থানেই শুরু হয় নি। সোমবার দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সোমবার দুপুরে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।
সংবাদ সম্মেলনে বলা হয়- শাল্লা, ধর্মপাশা, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসির) তালিকা প্রকাশ করা হয়নি। যেহেতু পিআইসি তালিকা প্রকাশ করা হয় নি সেহেতু কাজ শুরু করার কোন সুযোগ নেই। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হাওরের কৃষকেরা। এবার বাঁধের কাজে শুরু থেকেই একধরনের ঢিলেমি লক্ষ করা যাচ্ছে। মাঠপর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের দাবি থাকলেও, সেটি করা হচ্ছে না। সুনামগঞ্জ সদর উপজেলায় পিআইসি গঠনে অনিয়ম হয়েছে দাবি করা হয়। সংগঠনের দায়িত্বশীলরা পরিদর্শন করে দেখেছেন নামে মাত্র কয়েকটি বাঁধে কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল।