শান্তিগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ঘর

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর পাথারিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের গোয়াল ঘর ও খড়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গোয়াল ঘরে থাকা আরো ৫ টি গরু আগুনে দগ্ধ হয়। এতে ওই কৃষকের অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত শনিবার দিবাগত রাত ১১ টায় একদল দুর্বৃত্ত পাথারিয়া গ্রামের কিবরিয়া কামাল এর বসত ঘরের পূর্বপাশে গোয়াল ঘর ও খড়ের ঘরে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই সময় পরিবার নিয়ে ঘরের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন কিবরিয়া কামাল ও তার পরিবারের লোকজন। হঠাৎ খড়ের ঘরে থাকা বাঁশ পুড়ার শব্দে পরিবারের লোকজনদের ঘুম ভেঙ্গে যায়। তখন কিবরিয়া কামাল ও তার পরিবারের লোকজনদের চিৎকারে আশপাশের পরিবারের লোকজন এসে পানির পাম্প দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এসময় আগুনে দগ্ধ হয় ৫টি গরু মারা যায়।
এঘটনায় পাথারিয়া গ্রামের কিবরিয়া কামালের ভাই গোলাম মুস্তফা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।
পাথারিয়া গ্রামের কিবরিয়া কামাল বলেন, আমার বসত বাড়ীর পার্শ্ববর্তী বসত বাড়ীর লোকজনদের সাথে বিরোধ রয়েছে। প্রতিশোধের বশবর্তী হয়ে তাদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এর দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।