ছোট শিশু তাছমি জানেনা তার মা কোথায়?

জগন্নাথপুর অফিস
রাত হলেই মা মা বলে কেঁদে উঠে। তখন অনেক কষ্টে তাকে শান্ত করতে হয়। এছাড়া ঘটনার পর থেকে মা কে না পেয়ে সে চুপ হয়ে গেছে। চঞ্চল দুরন্ত স্বভাবের ছয় বছরের শিশু জগন্নাথপুর নার্সারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাসমি ফেরদৌস মিমের বড় বোন জান্নাতুল ফেরদৌস মাহা সাংবাদিকের কাছে এভাবে মায়ের নৃশংস খুনের ঘটনার পর ছোট বোনের বিমর্ষ হওয়ার বিষয়ে বর্ণনা দিয়েছেন। জান্নাতুল ফেরদৌস মাহা জগন্নাথপুর উপজেলার আলোচিত ঘটনা সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া ও খুন হওয়া নারী শাহানাজ পারভীন দম্পতির বড় মেয়ে। মাহা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান। শনিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় সংবাদ সম্মেলন করে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার তথ্য জানায়। সিআইডির তথ্য অনুযায়ী তিন বন্ধু মিলে ধর্ষণ করার পর ধর্ষনের ঘটনা জানানোর ভয়ে তাকে হত্যা করে। নিহত নারীর পরিবারের লোকজন জানান, বুধবার বিকেলে ঔষধ কেনার কথা বলে ঘর থেকে বের হন শাহানাজ পারভীন। তিনি জগন্নাথপুর বাজারের অভি ফার্মেসি থেকে নিয়মিত ঔষধ কিনতেন। বৃহস্পতিবার ফার্মেসি থেকে নারীর ছয় টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ভোরে সিআইডি ঢাকা থেকে ফার্মেসি মালিক জিতেশ গোপ কে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অভি ফার্মেসির পাশের মুদি দোকানদার অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে গ্রেপ্তার করে।
এদিকে ঘটনার রহস্য উদঘাটন ও তিন আসামি গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করে নিহত নারীর ভাই হেলাল মিয়া বলেন, নির্মমভাবে আমার বোনকে হত্যা করা হয়েছে। তিনটি অবুঝ সন্তান নিয়ে আমরা বিপাকে পড়েছি। তিনি জানান বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস মাহা নবম শ্রেণির শিক্ষার্থী বড় ছেলে উদয় মোহাম্মদ সাঈদ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ছোট মেয়ে তাছমি ফেরদৌস মিম জগন্নাথপুর নার্সারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বাবা সৌদি আরব থাকায় মা সন্তানদের নিয়ে পৌরসভার পেছনের আবাসিক এলাকায় বসবাস করতেন। এখন আমরা তাদের দেখাশোনা করছি।
তিনি বলেন, ছোট মেয়ে তাছমি ফেরদৌস মিম এখনো বুঝে উঠতে পারেনি মায়ের নির্মম মৃত্যুর ঘটনা। রাত হলে মা মা বলে ঘুম থেকে কেঁদে উঠে বলে আমার আম্মুকে এনে দাও।
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, নৃশংস এ হত্যার ঘটনা আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারের ব্যবসায়ীরা এমন নির্মম ঘটনা মেনে নিতে পারছেন না। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন,ঘটনার পর পর নিহত নারীর ভাই হেলাল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। সিআইডি তিনজন কে গ্রেপ্তার করেছে। বিষয়টি এখন তারা তদন্ত করে দেখছেন। আমরা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছি।