ফেব্রুয়ারি

সুখেন্দু সেন
ফেব্রুয়ারি এলেই মনে জাগে একুশ,
চেতনার মর্মমূলে জেগে ওঠা ভীষণ বোধ।
বর্ণমালারা সেজে ওঠে নূতন করে,
বসন্তের আবাহনে প্রস্তুতি নেয় শিমুল পলাশ।
ফেব্রুয়ারি এক প্রতীক্ষার ক্ষণ।
কোনো এক রক্তিম ভোরে সহস্র বারুদ প্রাণ
একযোগে পৌছে যাবে যৌবন সীমায়
কোকিলের ডাক শুনে ঘটাবে বিস্ফোরণ।
বর্ণমালারা ছুটে যাবে আগুনের রঙ মেখে রাজপথে,
চৌরাস্তায়, বটের তলায়
ঝরে পড়বে শাণিত বক্তৃতায়, গানে কবিতায়,
ফেব্রুয়ারি, দূর-ভাসা এক সংগীতের আকুল করা সুর,
ঘুম ভেঙ্গে জেগে ওঠার একাগ্র তাড়না।
ফেব্রুয়ারি,
উন্মেষের কাল, প্রস্তুতির কাল।
ফেব্রুয়ারি,
তমসার বুক চিরে আলোক রশ্মির
ক্রমাগত মিছিল।