দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে স্বামীর পিটুনিতে রিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রিনা বেগমের আত্মীয় স্বজনের তাৎক্ষণিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে ঘাতক স্বামী আসকর আলী (৪৫)কে সুনামগঞ্জ সদর থানা পুলিশ আটক করেছে। নিহত রিনা বেগম দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের নওশাদ আলীর মেয়ে।
জানা যায়, গত শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় সাংসারিক বিষয় (বাজার থেকে কিনে আনা পানের ভাগ বাটোয়ারা নিয়ে) গৃহবধূ রিনা বেগম তার শ্বাশুড়ীর সাথে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে স্বামী আসকর আলী (৪৫) এসে রিনা বেগম কে গালমন্দ করে এবং উত্তেজিত হয়ে রিনা বেগমের পেটে লাথি সহ-বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় রিনা বেগমকে শনিবার রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১ টায় তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকালে স্ত্রী’র খুনী আসকর আলীকে সুনামগঞ্জ শহর থেকে আটক করা হয়েছে। এই ব্যাপারে দোয়ারাবাজার থানায় মামলা হবে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক স্বামী আসকর আলীকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।