বানভাসি মানুষের পাশে সমকাল সুহৃদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।
সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনবাহার ও পাঠানবাড়ি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবন, পেঁয়াজ, আলু, চিড়া প্রভৃতি।
এবারের বন্যায় অনেকেরই ঘরবাড়ি সহ সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। ত্রাণসামগ্রী পেয়ে বানভাসি মানুষের মুখে হাসি ফুটে উঠে। হাছনবাহার গ্রামের কৃষক কামাল আহমদ জানান, কয়েক দফা বন্যায় চরম দুর্ভোগে পড়েছি আমরা। ঘর-বাড়ি ফসল হারিয়েছি বন্যায়। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। এই ত্রাণ পেয়ে কিছুটা হলেও আমাদের কষ্ট লাঘব হবে।
ত্রাণ পেয়ে পাঠানবাড়ির পিয়ারা বেগম সমকাল সুহৃদ সমাবেশকে জানান, ২২ বছর আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। সংসারে ২ ছেলের থাকলেও বড় ছেলে আমাদের রেখে চলে যায়।ছোট ছেলেকে নিয়ে বাসায় কাজ করে কোন রকম দিন চলছিল। বন্যার কবলে পড়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। তিনি বলেন, সকালে ত্রাণ দেওয়া হবে খবর শুনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। যারা আমার মতো গরিব কে সাহায্য করেছে আল্লাহ তাদের সাহায্য করবা।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান, সুহৃদ সমাবেশের ঢাকা কেন্দ্রীয় কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য তাইম শেখ, শাহিন, আলম, শাওন, ফাহাদ ও আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আবুল হাসান, সুনামগঞ্জ সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক অভিজিৎ রায়, নাট্যকর্মী সামির পল্লব সহ সমকাল সুহৃদ সমাবেশের সদস্যবৃন্দ।