জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে বৃদ্ধের কব্জি বিছিন্নের ঘটনায় মামলার এক আসামী আশিক মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মিরপুর ইউনিয়নের সমষপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। তবে, ঘটনার ৫ দিনেও মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি গ্রামে এক প্রবাসীর দোকান ঘর দখলকে কেন্দ্র করে মর্তুজ আলী নামের এক বৃদ্ধের উপর আওয়ামী লীগ নেতা এমেল মিয়া’র নেতৃত্বে হামলা করা হয়। হামলায় রামদার কোপে ওই বৃদ্ধের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে আহত ওই ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ওই বৃদ্ধের স্ত্রী মীনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় আওয়ামী লীগ নেতা এমেল মিয়াকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমাদের কাছে অপরাধীদের একটাই পরিচয়, সে অপরাধী। বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
- কুরবানির হাটে মানতে হবে ১৬ নির্দেশনা
- ফেসবুকে গানের অনুষ্ঠান করে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের খাদ্যসামগ্রী প্রদান


