নোমান বখ্ত পলিনের জামিন মঞ্জুর, হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ছাত্রলীগের দুই দলের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার বিবাদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখ্ত পলিন জামিন পেয়েছেন। রবিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পুলিশ রিপোর্ট প্রদান পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
নোমন বখ্ত পলিনের পক্ষে জামিন শুনানীতে জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইছ রোকেস, সাধারণ সম্পাদক রুহুল তুহিনসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশ নেন।
বৃহস্পতিবার রাতে শহরের উকিলপাড়ার একটি কফি হাউসে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ঘটনায় মো. মোশাহিদ রহমান কুটি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নোমান বখ্ত পলিনসহ ৫ জনকে বিবাদী করে মামলা করেছেন। পুলিশ মামলার এক নম্বর বিবাদী শহরের মুক্তারপাড়ার আব্দুস সালামের ছেলে রাজ (২৭) কে গ্রেপ্তার করেছে।
এদিকে, সুনামগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক মোশাহিদ রহমান কুটি, ইব্রাহিম আহমদ ও শামীমের উপর হামলার প্রতিবাদে রবিবার মানববন্ধন হয়েছে।
দুপুর ১২ টায় আরপিননগর এলাকাবাসির ব্যানারে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাবেক ফুটবলার জমির আহমেদ, লোকসান আহমেদ প্রমুখ।