স্টাফ রিপোর্টার
১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলার আসামি মো. জয়নাল কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশ্যান ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার বিকাল সাড়ে ৩টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ। আটক মো. জয়নাল (২০) শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালীর শৈবুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৭ আগস্ট (মঙ্গলবার দিবাগত) রাত ১টার দিকে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও এএসপি আব্দুল আহাদের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানার টুকেরবাজার এলাকা থেকে মো. জয়নালকে আটক করা হয়।
জয়নাল গত ৬ আগস্ট জামালগঞ্জ উপজেলার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় রেখে ১০ দিন ধর্ষণ করে। ধর্ষণের পর ১৫ আগস্ট কিশোরীকে ফেলে রেখে চলে যান। পরে ভুক্তভোগী ওই দিনই জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে র্যাব জয়নালকে গ্রেপ্তার করে।
র্যাব-৯, সিপিসি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিঞ্চন আহমেদ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের পর ফেলে রেখে চলে যায়। এমন খবর জানার পর মামলা দায়ের ২৪ ঘন্টার মধ্যে একমাত্র আসামি জয়নালকে গ্রেপ্তার করে জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


