আমিনুল ইসলাম, তাহিরপুর
‘১৫ দিন ধইর্যা ইউনিয়ন অফিসে ঘুরতেছি জন্মনিবন্ধনের লাইগ্যা। ইস্কুলে ফুরাতারে ভর্তি করতাম মাস্টররায় কয় জন্মনিবন্ধন ছাড়া অইতনা।’ কথাগুলো তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে দাঁড়িয়ে বলছিলেন, তাহিরপুর সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের তাজিম উদ্দিন। এ কথাগুলো শুধু তাজিম উদ্দিনের নয়, তাহিরপুর সদর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অভিভাবকদের। নতুন বছরের জানুয়ারি মাসে শিশুদের স্কুলে ভর্তি করতে হবে এ জন্য সবারই দরকার জন্মনিবন্ধনের।
খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের বিগত দিনের জন্মনিবন্ধনের এক লক্ষ উনত্রিশ হাজার টাকা টাকা ইউনিয়নের পরিষদের সচিব আলমগীর হোসেন সরকারি কোষাগারে জমা না দিয়ে তার হাতে রেখেছে, এ কারণে কেন্দ্রীয়ভাবে তাহিরপুর সদর ইউনিয়নের জন্মনিবন্ধনের সার্ভারটি বন্ধ রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য জানিয়েছেন, বিগত ৪ মাস পূর্বে ২৩ আগস্ট ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনের ৩ লক্ষ টাকা জমা না দিয়ে বদলী হয়ে তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নে যোগদান করেছিলেন। সে সময় সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও তাহিরপুর উপজেলার তৎকালীন ইউএনওকে ওই জন্মনিবন্ধনের টাকা পরিশোধ না করা পর্যন্ত বেতন ভাতাদি বন্ধ রাখার সুপারিশ করায় বেতন ভাতাদি বন্ধ ছিল। এমতাবস্থায় পরবর্তীতে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধনের টাকা পরিশোধ করার পর তাহিরপুর সদর ইউনিয়নের বেতন ভাতা নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন।
এ বিষয়ে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি জানান, আমার নিকট এক লক্ষ উনত্রিশ হাজার টাকা জমা রয়েছে। আগামী সপ্তাহে সমুদয় টাকা জমা দিয়ে আবেদন করবো- তারপর জন্মনিবন্ধনের সার্ভার ওপেন করে দিবে কর্তৃপক্ষ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, এলাকার জনগণের দুর্ভোগ যাতে না হয় সে লক্ষ্যে তিনি ইউনিয়ন পরিষদ সচিবকে তাগিদ দিয়েছেন টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সচিব আলমগীর হোসেনের বিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন। বিষয়টি সঠিক হয়ে থাকলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।
- ওষুধ দেওয়া নিয়ে বীর মুক্তিযোদ্ধা ডাক্তারের হাতাহাতি/ দুইপক্ষে উত্তেজনা
- চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানী শুরু


