জগন্নাথপুর অফিস
সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা বার্ষিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল জানতে বিদ্যালয়ে অপেক্ষা করছিলেন। দুপুরে দুইটায় বিদ্যালয়ের অধ্যক্ষ জানালেন, ইউএনও মহোদয় সময় দিতে পারেননি তাই আজ ফলাফল ঘোষণা করা হবে না। সোমবার ফলাফল ঘোষণা করা হবে। এতে হতাশ হয়ে বাড়ি ফেরেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারি স্কুলে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, জগন্নাথপুর উপজেলার সরকারি বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উপজেলা সদরের জগন্নাথপুর নার্সারি স্কুলের ফলাফল ঘোষণার কথা ছিল। সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা জড়ো হন। বেলা ১১ টার সময় জানানো হয়— দুপুর দেড়টায় ফলাফল ঘোষণা করা হবে আর দেড় টার সময় জানানো হয় ইউএনও মহোদয় আজ সময় দিতে পারেননি সোমবার ফলাফল ঘোষণা করা হবে।
বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, সব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও কোমলমতি শিশুদের অপেক্ষা করিয়ে ফলাফল ঘোষণা না করা দুঃখজনক। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা না করে কোমলপ্রাণ শিক্ষার্থীদের মনে কষ্ট দেওয়া হয়েছে।
জগন্নাথপুর নার্সারি স্কুলের অধ্যক্ষ বিনয় সরকার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ফলাফল ঘোষণাকালে আমরা ইউএনও মহোদয়ের উপস্থিতি চেয়েছিলাম। তিনি সময় দিতে না পারায় আজ ফলাফল ঘোষণা করা হয়নি। সোমবার ফলাফল ঘোষণা করা হবে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ বলেন, জগন্নাথপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফলন ২১ ও ২২ ডিসেম্বর ঘোষণা করার জন্য আমরা বলেছিলাম। নার্সারি স্কুলে কেন ফলাফল ঘোষণা করা হয়নি জানিনা।
এ বিষয়ে জানতে ইউএনও সাজেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।


