ছাতকে আদালতের নির্দেশে সরকারী ভূমি দখলমুক্ত

ছাতক প্রতিনিধি
ছাতকে আদালতের নির্দেশে সরকারি ভুমি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর শহরের তাতিকোনা পশ্চিমপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রঞ্জন  দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ছাতক শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আসিদ আলীর পুত্র সাহেদ আলীর দায়েরী এক মামলায়(নং-৬/২০১৫) আদালতের রায়ের ভিত্তিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ৩শ’ ফুট দীর্ঘ ও ৫ফুট প্রস্থ সরকারী রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে এলাকার সিরাজুল ইসলামের বহুতল বিশিষ্ট ভবনের আংশিক, কবির মিয়ার কাঁচাঘর ও নুর ইসলামের পাকা সীমানা প্রাচীর হ্যামার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় সুনামগঞ্জ পুলিশ লাইনের এসআই রফিক, ছাতক থানার এসআই অরূপ সাগর ও এসআই নুরু মিয়ার নেতৃত্বে নারী পুলিশসহ সুনামগঞ্জ ও ছাতকের অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাতকের তহশীলদার রঞ্জন কুমার তালুকদার, সুনামগঞ্জের সার্ভেয়ার আজমল হোসেন ও ছাতকের সার্ভেয়ার অজয় কুমার দাস অভিযানের সাথে ছিলেন।