ছাতকে ২৯টি মন্ডপে পুজোর আয়োজন

বিজয় রায়, ছাতক
ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আমেজ এখন গোটা উপজেলা জুড়ে বইছে। নতুন-নতুন সাজে সজ্জিত করা হচ্ছে পূজা মন্ডপগুলোকে। শেষ মুহূর্তে কর্মব্যস্ততায় দিন পার করছে উৎসব পরিচালনা কমিটিগুলো। এদিকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শারদীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক ও যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। ইতিমধ্যেই মন্ডপে-মন্ডপে নির্মিত প্রতীমাগুলো বাঁশ-খড় ও মাটির কাজ শেষে রংয়ের শেষ আঁচর পড়ার অপেক্ষায় রয়েছে। দু’এক দিনের মধ্যেই নিপুণ মৃৎশিল্পীর তুলির আঁচরে প্রায় জীবন্ত হয়ে উঠবে প্রতীমাগুলো। এ বছর ছাতক উপজেলার ২৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২টি পূজা অনুষ্ঠিত হচ্ছে পৌরসভার অভ্যন্তরে। পূজা মন্ডপগুলোর মধ্যে পৌর শহরের মহাপ্রভূর আখড়া, শিববাড়ী, মন্ডলীভোগ চৈতন্য সংঘ, হাসপাতাল রোডের ত্রি-নয়নী, রেলওয়ে কলোনীর মহামায়া ও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা ও সিংচাপইর ইউনিয়নের কালীপুর পূজা মন্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তুলানামুলক কম ঝূঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে শহরের কালীবাড়ী পূজা মন্ডপকে।