চাঁদা না দেওয়ায় হাটের টোল আদায়ে বাধা, থানায় অভিযোগ

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজারে প্রভাবশালী লোকজনদের চাঁদা না দেওয়ায় স্থানীয় এক হাটের ইজারাদারকে টোল আদায়ে বাধা দেয়া হচ্ছে। এ ব্যাপারে ইজারাদার মো. ফখরুল ইসলামের পক্ষে শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আক্তাপাড়া রসুলপুর গ্রামের মৃত. আব্দুল মানিকের ছেলে মো. এওয়ার মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, শান্তিগঞ্জ উপজেলাধীন আক্তাপাড়া বাজারে ১৪৩০ বাংলা সনের ১লা বৈশাখ থেকে উপজেলার সদরপুর গ্রামের সৈয়দুল ইসলামের ছেলে মো. ফখরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হইতে সর্বোচ্চ দরদাতা হিসাবে ইজারা পান। প্রতিপক্ষ আক্তাপাড়া ও দরগাপাশা গ্রামের সজ্জাদ মিয়া, আলী হোসেন, আপ্তাব আলী, আব্দুল মানিক, আলা উদ্দিন, জাহাঙ্গীর মিয়া ও আলেক উদ্দিন ইজারা না পেয়ে ইজারাদার ফখরুল ইসলামের লোকজনদেরকে হাটের টোল উঠাতে বাধা দেয়। গত ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে আক্তাপাড়া বাঁশ বাজার, নৌকা ঘাট ও বাজারের গলির ভিতরে ইজারাদারের পক্ষে হাটের টোল আদায় করতে মো. এওয়ার মিয়া গেলে প্রতিপক্ষের লোকজন টোল উঠাতে বাধা দেয় এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইজারাদার ফখরুল ইসলাম বলেন, আক্তাপাড়া বাজারে সর্বোচ্চ মূল্য দিয়ে ইজারা পেয়েছি, প্রতিপক্ষ পায়নি। তাই আমার লোকজনদের হাটের ইজারার টোল আদায় করতে দিচ্ছে না এবং চাঁদা দাবি করছে।
অভিযুক্ত আলা উদ্দিন অভিযোগের বিষয়ে জানান, এই বিষয়ে আমি কিছু জানি না। বাজারের স্থায়ী ব্যবসায়ী ও ইজারাদারে মধ্যে ঝামেলা হয়েছে। ইজারাদারকে আমি বাধা দেই নাই।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দীর্ঘদিন ধরে তাদের সমস্যা চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।