প্রতিটি ইউনিয়নে কলেজ হবে -এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলছেন, দেশের প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে এদেশের শিক্ষাব্যবস্থাকে শতভাগে উন্নীত করা। এ লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার সবার জন্য উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি কওমী মাদ্রাসাগুলোর উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এ অঞ্চলের প্রাচীনতম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান বালিউরা কওমী মাদ্রাসাকে পর্যায়ক্রমে দেশের শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ হাটহাজারী মাদ্রাসা আদলে গড়ে তোলা হবে।
শনিবার বিকেলে উপজেলার জামেয়া ইসলামিয়া কওমীয়া বালিউরা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাদ্রাসা মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জোয়াদ আলীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামরুজ্জামান রুবেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান, মাওলানা আবদুল হান্নান গনেশপুরী, মাওলানা ফজলুর রহমান, বরইউড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ হোসেন কবীর, বালিউরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ভুঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ছাতক উপজেলা আ.লীগ নেতা সৈয়দ হোসেন, নোয়ারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক জসিম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়া, যুগ্ম আহবায়ক আবুল মিয়া প্রমুখ।