ছাতক প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পুন:বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ছাতকে মুর্তা বাগান সৃজন ও বিভিন্ন প্রজাতির রোপন করা বৃক্ষ বাগান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও সৈদাবাদ এলাকার বন বিভাগের বিশাল ভূমিতে লাগোনো মুর্তা বাগান ও বৃক্ষরাজি পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন, সবুজ বনায়ন সৃষ্টি এবং রক্ষণাবেক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব। কারণ সবুজ বনায়ন হচ্ছে অক্সিজেন উৎপাদনের ফ্যাক্টরী। প্রাণভরে নিঃশাস নিতে হলে অক্সিজেনের প্রয়োজন। আর পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে সবুজ বনায়নের বিকল্প নেই।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পাশাপাশি বন বিভাগের সৃজন করা সবুজ বাগান রক্ষায় সকলেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পরিদর্শনকালে সিলেট বন বিভাগের সুনামগঞ্জ জেলা রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ, ছাতক বিট কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন, স্থানীয় আব্দুল জব্বার খোকন সহ লোকজন উপস্থিত ছিলেন।
বন বিভাগের সুনামগঞ্জ জেলা রেঞ্জের ছাতক বিটের আওতায় চলতি অর্থ বছরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও সৈদাবাদ এলাকার প্রায় ৮৫ হেক্টর পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ ১২ হাজার বৃক্ষ ও ৬৬৬৬০ টি মুর্তা চারা রোপন করা হয়েছে। এর মধ্যে ৭০ হেক্টর বনভূমিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ১৫ হেক্টর বনভূমিতে মুর্তা বাগান করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে ইসলামপুর ইউনিয়নের বন বিভাগের বিশাল এলাকায় মুর্তা বাগান ও হিজল, করচ, জারুল, অর্জুন, সুন্দরী ও বরুন জাতীয় বৃক্ষ সংরক্ষিত বনভূমিতে রোপন করা হয়েছে। বিগত অর্থ বছরে ছাতক বিটের ইসলামপুর ও সৈদাবাদ মৌজার ২২৫ হেক্টর বনভুমিতে মুর্তা বাগান সম্পন্ন হয়। সরকারী বন ভূমি ও মুর্তা বাগান রক্ষায় উপজেলা ও পুলিশ প্রশানের সহযোগিতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করেন বন বিভাগের এ কর্মকর্তা।


