মধ্যনগর প্রতিনিধি
হাওর অঞ্চলের নদ-নদীতে বাড়ছে পানি। পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে একাকার হচ্ছে হাওর, বিল আর নদী। তবে এ নিয়ে তেমন বিচলিত নন মধ্যনগরবাসী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বোরো মৌসুমে ১৩হাজার ২৬৪ হেক্টর জমিতে প্রায় ৭৭ হাজার ৬০৬ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। ধানের বাজার দরও ভালো। তাই খাদ্য নিয়ে নির্ভাবনায় আছে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। উপজেলার নিম্নবিত্ত প্রান্তিক জনগোষ্ঠীরও বছরের খাদ্য নিরাপত্তা নিয়ে তেমন দুর্ভাবনা নেই।
এদিকে এ বছর হাওরে দেরিতে পানি আসায় কাটা ধানক্ষেতে দ্বিতীয়বার ফলেছে ডেমিধান। ভূমিহীন কৃষি শ্রমিকের ঘরে বাঁশের ঢুলে এই ধান উঠেছে আশাতীত পরিমাণ। গেলো বোরো মৌসুমে কৃষি শ্রমিকের দৈনিক মজুরিতে সঞ্চিত অংশ আর সংগৃহীত ডেমিধান তাদের পরিবারের তিন-চার মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। সব মিলিয়ে হাওর উপজেলা মধ্যনগরের মানুষের মনে বিরাজ করছে অনাবিল আনন্দ। সেই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে ছোট বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
উপজেলার চারটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ রয়েছে ৪টি। সবকয়টি মাঠেই চলছে ফুটবল টুর্নামেন্ট। এসব খেলায় দর্শকের উপস্থিতিও ব্যাপক। এ যেন ফুটবলে মাতোয়ারা এক জনপদ। আমজনতার এই ফুটবল উন্মাদনায় কাঁধে কাঁধ মিলিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও পেশাজীবীরা। চলমান বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিদিনই মাঠগুলোতে চলছে নির্ধারিত টুর্নামেন্ট নয়তো প্রীতি ফুটবল ম্যাচ।
জানা যায়, ইতোমধ্যেই শেষ হয়েছে উপজেলা ভিত্তিক জাতীয় পর্যায়ের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)’ ও স্থানীয় পর্যায়ের ‘ঘাসী যুব প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ এবং মধ্যনগর পশ্চিমাঞ্চলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। চলমান রয়েছে উপজেলার সদর ইউনিয়নের গলহা মাঠে ‘গলহা ফুটবল টুর্নামেন্ট’, বংশীকুন্ডা মাঠে ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট’, দাতিয়াপাড়া মাঠে ‘লায়েছ ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’, বাকাতলা মাঠে স্থানীয় ক্লাব ও গ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। প্রতিদিন এসব মাঠে খেলা দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় জমছে। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি এসব টুর্নামেন্টে জাতীয় পর্যায়ের নামীদামি ক্লাবের খেলোয়াড়দের আনা হচ্ছে।
গলহা ফুটবল টুর্নামেন্টের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার জানান, আট টিমের খেলায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জুন বৃহস্পতিবার। ফাইনালে জাতীয় পর্যায়ের আবাহনী ও মোহামেডান ক্লাবের খেলোয়াড়রা খেলবেন।
লায়েছ ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ফাইনালে জেলা ও বিভাগীয় পর্যায়ের নামী দামি খেলোয়াড়দের আনার প্রস্তুতি রয়েছে বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এছাড়াও সুনামগঞ্জ ১ সংসদীয় আসনের চার উপজেলা (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় পর্যায়ের নামীদামি ক্লাবের দেশী-বিদেশি খেলোয়াড়দের মাঠে নামানোর প্রস্তুতি চলছে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্যনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু বলেন, স্থানীয় সাংসদ এই টুর্নামেন্টের পৃৃৃষ্ঠপোষক। তাই আয়োজনে কোনো ঘাটতি নেই। ক্রীড়ামোদী দর্শকদের আনন্দদানই এই টুর্নামেন্টের লক্ষ্য।


