স্টাফ রিপোর্টার
মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে ৩ বখাটেকে (ইভটিজার) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় পুলিশ ওই তিন বখাটেকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরতলীর পূর্ব মাইজবাড়ি গ্রামের আছদ্দর আলীর ছেলে ফরহাদ মোহাম্মদ জাবেদ (২০) একই পাড়ার উত্তার আলীর ছেলে মো. আবেদীন হোসেন (১৯) ও মাইজবাড়ি পশ্চিমপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে নূরুল আমিন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মাইজবাড়ি গ্রামের ওই তিন বখাটে শহরের ষোলঘর দ্বীনি সিনিয়র মাদ্রাসার সামনের রাস্তায় প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্তসহ নানা কুরুচিকর আচরণ করত। শনিবার দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ আলী নূরের সহায়তায় সদর থানার এসআই মমিনুল ইসলাম ওই তিন বখাটে মোহাম্মদ জাবেদ, মো. আবেদীন হোসেন ও নূরুল আমিনকে হাতে নাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত আটককৃতদের সবাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ দণ্ডপ্রাপ্ত তিন বখাটেকে শনিবার বিকালেই জেল হাজতে পাঠিয়েছে।
সদর থানার এসআই মমিনুল ইসলাম বলেন,‘ ওই তিন বখাটে মাদ্রাসার সামনের রাস্তায় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত ও অশ্লীল কথাবার্তা বলছিল। খবর পেয়ে মাদ্রাসার অধ্যক্ষের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
- ২৭ বছরেও শাল্লায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি
- মিছাখালি রাবার ড্যামে ধস-ক্ষুব্ধ হয়েছেন কৃষিমন্ত্রী


