যে কোন মূল্যে নৌপথে চাঁদাবাজি বন্ধ করা হবে -এডিশনাল ডিআইজি

জামালগঞ্জ প্রতিনিধি
সিলেট রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি মো.নজরুল ইসলাম বলেছেন, ‘যে কোন মূল্যে নৌপথে চাঁদাবাজি বন্ধ করা হবে। চাঁদাবাজরা সব সময় সংঘবদ্ধ। চাঁদাবাজদের কোন দল নেই, চাদাবাজরা সব সময় নিরব স্থানকেই চাঁদাবাজীর জায়গা হিসেবে বেছে নেয়। পুলিশ সদা তৎপর, যে কোন উপায়ে নদী কেন্দ্রীক চাঁদাবাজির স্পটগুলোকে নিরাপদ রাখা হবে’।
রবিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেছেন তিনি।
তিনি উপজেলার জনপ্রতিনিধি, নৌ পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতি সহ নৌ শ্রমিকদের সাথে নৌ পথের চাঁদাবাজির বিষয়ে কথা বলেছেন ও দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দিয়েছেন। এদিকে রাতে পুলিশ সুপারের    
কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আবুয়া রক্তি নদীতে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করতে শ্রমিকরা সম্মত হয়েছেন বলে জানা গেছে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল মো. সুরত আলম, থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলীর চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালীর চেয়ারম্যান দুলাল মিয়া উপস্থিত ছিলেন।
মত বিনিময়ের সময় অতিরিক্ত ডিআইজ নদী পথে চাঁদাবাজির বিষয়ে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অমান্য করলে কোন ছাড় দেওয়া যাবে না। নৌপথে চাঁদাবাজি বন্ধ করা হবে এবং চাঁদাবাজির অভিযোগগুলো তদন্ত করার জন্য আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন কিছু স্পট রয়েছে যেখানে পুলিশ যাওয়ার আগে চাঁদাবাজরা পালিয়ে যায়, অপরাধীরা স্থান, সময় ও কৌশল পরিবর্তন করে। এসময় সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, তৌহিদ চৌধুরী প্রদীপ, আকবর হোসেন, ওয়ালী উল্লাহ সরকার, সাইফ উল্লাহ, জিয়াউর রহমান, গোলাম রব্বানী আফিন্দি, অনিমেশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।