স্টাফ রিপোর্টার
অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ২৯০ টি কার্ড বাতিল করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, জেলার ১১ উপজেলায় ১০ টাকা কেজি দরের চালের ভোক্তা মোট ৯১ হাজার ৫২৬ জন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর কর্তৃক যাচাই করা হয়েছে ১০ হাজার ৪২০টি কার্ড। ভোক্তা বাছাইসহ নানা অনিয়ম-দুর্র্নীতির কারণে চলতি সপ্তাহ পর্যন্ত মোট কার্ড বাতিল করা হয়েছে ২৯০টি। সবচেয়ে বেশী বাতিল করা হয়েছে ছাতকে ও সবচেয়ে কম বাতিল হয়েছে বিশ্বম্ভরপুরে। ২৯০টি বাজেয়াপ্ত কার্ডের বিপরীতে ৪৬টি নতুন কার্ড প্রদান করা হয়েছে।
বিভিন্ন উপজেলায় চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে মোট ৭ জনের ডিলারশীপ
বাতিল করা হয়েছে। ইতোমধ্যে আরো ৬জন ডিলারের ডিলারশীপ সরকারের কাছে ফেরত দিয়েছেন।
কার্ড বাতিল করা হয়েছে, সদর উপজেলায় ৯টি, দক্ষিণ সুনামগঞ্জে ২৫টি, দোয়ারাবাজারে ১৯টি, ছাতকে ১০০টি, জগন্নাথপুরে ৪৬টি, দিরাইয়ে ৩টি, শাল্লায় ৫টি, ধর্মপাশায় ৪৬টি, জামালগঞ্জে ৪টি, তাহিরপুরে ৩০টি ও বিশ্বম্ভরপুরে ৩টি। তবে ধর্মপাশায় বাতিল করা কার্ডের বিপরীতে ৪৬টি কার্ড নবায়ন করা হয়েছে। ডিলারশীপ বাতিল করা হয়েছে ছাতকে ৩টি, দিরাইয়ে ১টি, ধর্মপাশায় ১টি, জামালগঞ্জে ১টি ও বিশ্বম্ভরপুরে ১টি। ডিলারশীপ সরকারের অনুকূলে সমর্পণ করেছেন দোয়ারাবাজারে ৪ জন, দিরাইয়ে ১জন, দক্ষিণ সুনামগঞ্জে ১ জন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মো.সফিউল আলম বলেন,‘ বিভিন্ন কারণে জেলায় ২৯০টি কার্ড বাতিল করা হয়েছে। ৭জন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। দিরাইয়ে একজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠায় বিষয়টি তদন্তাধীন আছে।’
- কেন্দ্রে রূঢ় আচরণ বিশ্বম্ভরপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার
- ম্যাকাওকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ


