কৃষিজমি সুরক্ষায় গুরুত্ব দিন

সম্প্রতি একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের জন্য চাষযোগ্য জমি রয়েছে মাত্র ৮০ লাখ ৩০ হাজার হেক্টর। এর মধ্যে এক-চতুর্থাংশই হুমকির মুখে। বাণিজ্যিক কারণে দেশে প্রতিদিন গড়ে ২ হাজার ৯৬ বিঘা কৃষিজমি হারিয়ে যাচ্ছে। রূপান্তরিত জমির পুরোটাই অকৃষি খাতে ব্যবহৃত হচ্ছে। জলাশয় ভরাট করে প্রতিদিন মোট কৃষি জমি কমছে ৯৬ বিঘা। পাশাপাশি তামাক চাষের কারণে প্রতিদিন ৯ হাজার একর কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এভাবে কৃষিজমি কমতে থাকলে দেশের ৬৮ শতাংশ মানুষের জীবন-জীবিকা চরম হুমকির সম্মুখীন হবে। মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) গবেষণা বলছে, বাংলাদেশে কৃষক পরিবারের সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ১৮৩টি। তাদের শতকরা প্রায় ৬০ ভাগই প্রান্তিক পর্যায়ের কৃষক। কৃষিজমি কমে যাওয়ায় এই প্রান্তিক মানুষগুলোর অস্তিত্ব¡ বিপন্ন হতে বসেছে।
দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে হলে শিল্পের বিপ্লব ঘটাতে হবে, তা সত্য। কিন্তু খাদ্য নিরাপত্তা এবং কৃষি অর্থনীতির কথাও বিবেচনায় রাখতে হবে। দেশের কৃষিজমি সংকোচনের নেপথ্য ফ্যাক্টরগুলো মোটামুটি চিহ্নিত। এগুলো হলো- নদীভাঙন, নতুন নতুন ইটভাটা স্থাপন, অপরিকল্পিত নগরায়ন, শিল্পকারখানা স্থাপন, লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি। এগুলো অনেকাংশে রোধ করা সম্ভব বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে। আমরা দেখছি জলাধার, বন, পাহাড় রক্ষায় আইন ও নীতিমালা থাকলেও সরকারের মনিটরিংয়ের অভাবে এর তোয়াক্কা করছেন না কেউ। অনুরূপভাবে ভূমির সুষ্ঠু ব্যবহার এবং কৃষিজমি রক্ষায় স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও তা উপেক্ষিত হচ্ছে। প্রধানমন্ত্রী রাজধানী থেকে শুরু করে দেশের প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত ভূমির সুষ্ঠু ব্যবহার, ব্যবস্থাপনা ও তদারকির জন্য একটি পৃথক সংস্থা গঠন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদও দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃষিজমিতে কোনোভাবেই যাতে কোনো শিল্প ও আবাসন গড়ে উঠতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে সংশিষ্টদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জেনেছি, ‘কৃষিজমি সুরক্ষা আইন’ নামে একটি আইনের খসড়া প্রণীত হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে কৃষি জমিতে আবাসন, শিল্পকারখানা, ইটভাটা বা অন্য কোনো রকম অকৃষি স্থাপনা নির্মাণ করা যাবে না। জমি যে ধরনেরই হোক না কেন, তা কৃষিজমি হিসেবেই ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই উর্বর জমিতে স্থাপনা নির্মাণের অনুমতি দেয়া যাবে না। যে কোনো ধরনের জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। এ ছাড়া সুষ্ঠু নগরায়ন ও ভূমি ব্যবহার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন-২০১৫-এর খসড়াও প্রণয়ন করা হয়েছে। প্রচলিত আইনের বাস্তবায়নের পাশাপাশি নতুন আইনগুলো দ্রুত চূড়ান্ত ও কার্যকর হওয়া দরকার বলে আমরা মনে করছি। খাদ্য উৎপাদনে অর্জিত সাফল্য ধরে রাখতে ও কৃষি-নির্ভর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কৃষিজমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষিজমি সুরক্ষার পাশাপাশি কৃষিজমির উপযুক্ত পরিচর্যাও নিশ্চিত করা দরকার।