দিরাই’র পৌর মেয়র শাল্লায় সংবর্ধিত ‘সুরঞ্জিত নেতা তৈরির কারিগর’

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে শাল্লা উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় গণণমিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাসের সভাপতিত্বে সংবর্ধনার জবাবে পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন, ‘তৃণমূল থেকে যোগ্য নেতা তৈরীর কারিগর হচ্ছেন সুরঞ্জিত সেন। যাকে এক নামে বিশ্ববাসী চেনে। সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।’ তিনি আরো বলেন,‘শাল্লাবাসী আজ আমাকে যে সম্মানে দিয়েছেন সেই  সম্মান আমি দলের জন্য উৎসর্গ করলাম। কারণ এ শিক্ষা আমি আমার নেতা সুরঞ্জিত সেন গুপ্তের কাছ থেকে পেয়েছি। তিনিই আমার রাজনৈতিক শিক্ষাগুরু।’
প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  প্রদীপ রায় বলেন, ‘দিরাই-শাল্লা পৃথক উপজেলা হলেও একই সংসদীয় আসনের অন্তর্ভূক্ত। দুই উপজেলার প্রতিটি ইউনিয়নই নয় সবকটি গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন গণমানুষের নেতা সুরঞ্জিত সেন গুপ্ত। তাকে বাদ দিয়ে কেউ যদি  আওয়ামী লীগের নাম নিয়ে বিএনপিকে সহযোগিতা করতে চায় তা কোনো ভাবেই আমরা বরদাস্ত করবো না।  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নান্টু লাল দাস, ইউপি চেয়ারম্যান আবুল লেইস চৌধুরী, যুবলীগ নেতা তকদীর হোসেন, অজয় তালুকদার, অরিন্দম চৌধুরী অপু, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি উজ্জল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, শাল্লা উপজেলা ছাত্রলীগ নেতা সন্দীপন সরকার ও পলাশ চৌধুরী।