নোয়ারাই ইউনিয়নে মামা-ভাগ্না ২ শিবিরে

বিজয় রায়, ছাতক
ছাতকের বৃহৎ ইউনিয়নের মধ্যে অন্যতম নোয়ারাই ইউনিয়নে বইছে নির্বাচনী উৎসবের ভিন্ন রকম আমেজ। অন্যান্য ইউনিয়নের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে নজর কাড়ছে এ ইউনিয়নের নির্বাচনী হালচাল। সবচেয়ে মজার বিষয় হল, দেশের বৃহৎ দল দু’টির প্রতীক নিয়ে লড়ছেন আপন মামা-ভাগ্নে। এই ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান জোয়াদ আলী তালুকদার ধানের শীষ ও তার আপন ভাগ্না বর্তমান চেয়ারম্যান আ.লীগ মনোনীত প্রার্থী আফজাল আবেদীন আবুল নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী ভোট যুদ্ধে লড়ছেন।
মামা-ভাগনার ভোট যুদ্ধের শেষ পরিণতি দেখতে গোটা উপজেলার মানুষের চোখ এখন নোয়ারাই ইউনিয়নের দিকে। এ দিকে মামা-ভাগ্নাকে পেছনে ফেলে কাংখিত বিজয় ছিনিয়ে নিতে সমানতালে লড়ছেন মধ্যপ্রাচ্য প্রবাসী দেওয়ান আব্দুল খালিক পীর রাজা। আ.লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।  সাধারণ ভোটাররা মনে করছেন, মামা-ভাগ্নের সাথে পীর সাহেবের লড়াইটা হবে জমজমাট। শেষ লড়াইয়ে নৌকার সাথে আ.লীগ বিদ্রোহীর যুদ্ধে জয়-পরাজয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখছেন নির্বাচন বিশেষকরা। তুলনামুল উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবাধে প্রার্থীরা বিরামহীম ছুটছেন ভোটারদের বাড়ি-বাড়ি। অগ্রগামী এ তিন প্রার্থীই নিজ-নিজ কৌশলে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। নৌকা, ধানের সাথে পালা দিয়ে এগিয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীর চশমা প্রতীকও । জাতীয় পার্টির মনোনয়নে লাঙ্গল প্রতীক নিয়ে শামীম আহসান ও স্বতন্ত্র ছারিক মিয়া তালুকদার রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়।
চেয়ারম্যান ছাড়াও এই ইউনিয়নে সংরক্ষিত আসনে ১১জন ও ৪৯জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। ৩৫টি গ্রাম ও ৫টি বাজার নিয়ে নোয়ারই ইউনিয়ন গঠিত। প্রশাসনিক তথ্য অনুযায়ি ১০টি ভোট কেন্দ্রে রয়েছে এ ইউনিয়নে। এর মধ্যে ৭টি অধিক ও ২টি কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে মোট ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যায় বেশী । মোট  ১৮হাজার ৫১৯জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৩৩৮জন ও ৯হাজার ৪৮১জন নারী ভোটার রয়েছেন। একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসমুখর নির্বাচনের প্রত্যাশায় প্রহর গুনছেন নোয়ারাই ইউনিয়নবাসী।