দোয়ারায়ও মনোনয়ন বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অর্থের বিনিময়ে দলীয় মনোনয়ন পাওয়ার অভিযোগের পর এবার দোয়ারাবাজার উপজেলার দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যানদের কাছে মনোনয়নের নামে অর্থ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেক মনোনয়ন প্রদানের জন্য টাকা চেয়ে না পেয়ে অন্যদের দলীয় মনোনয়ন পাইয়ে দিয়েছেন।
তবে এসব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের   আহবায়ক ফরিদ আহমদ তারেক।
উপজেলা আওয়ামী লীগের একংশের যুগ্ম আহবায়ক দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের একাংশের সদস্য বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী আপন দৈনিক সুনামগঞ্জের খবরের কাছে এসব অভিযোগ করেছেন।  
এছাড়া সুরমা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী এক ব্যবসায়ীর কাছে মনোনয়ন পাইয়ে দেয়ার জন্য অর্থ চাওয়া হয়েছিল বলে স্থানীয় একাধিক লোকজন জানিয়েছেন। এই ইউনিয়নে ১০ লাখ টাকা নিয়ে খন্দকার মামুনুর রশিদ মামুনকে দলীয় মনোনয়ন পাইয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
তবে আওয়ামী লীগের মনোনয়ন লাভকারী খন্দকার মামুনুর রশিদ মামুন জানিয়েছেন, তিনি ফরিদ আহমেদ তারেক বা কাউকে কোন টাকা পয়সা দেননি। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনবৃত্তান্ত জেনে দলের মনোনয়ন প্রদান করেছেন। মনোনয়ন না পাওয়া ও গ্রুপিং এর কারণে এসব কথাবার্তা বলা হচ্ছে। এসব অভিযোগের কোন ভিত্তি নেই।
আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহবায়ক দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন,‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য ফরিদ আহমদ তারেক আমার ছেলের কাছে ৩ লাখ টাকা চেয়েছিল। আমি বলেছি ১৯ বছর ধরে জনগণের ভালবাসা ও ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছি। এখন টাকা দিয়ে মনোনয়ন ক্রয় করে নির্বাচন করব না। টাকা না দেয়ায় আমাকে মনোনয়ন পাওয়া থেকে দূরে রাখা হয়েছে। তবে সাধারণ ভোটার আগেও আমাকে কাছে রেখেছেন, আশা রাখি আগামীতেও রাখবেন।’
উপজেলা আওয়ামী লীগের একাংশের সদস্য বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী আপন বলেন,‘এক গ্রুপের নেতা ফরিদ আহমেদ তারেক মনোনয়ন দেয়ার জন্য আমার কাছে তিন লাখ টাকা চেয়েছিল। আমাকে বলেছিল নগদ ৩ লাখ টাকা দিলে আমাকে মনোনয়ন পাইয়ে দিবে। আর না হয় এমপি মুহিবুর রহমানের গ্রুপ পরিবর্তন করে তাদের নেতা মতিউর রহমানের গ্রুপে যোগদান করতে। যে কোন একটিতেই রাজি হলে আমি দলের মনোনয়ন পাব। কিন্তু আমি বলেছি আমি এমপি মানিক সাহেবের আর্দশে রাজনীতি করি। আমি তাকে ছাড়তে পারব না এবং টাকাও দিব না। টাকা না দেয়ায় আমাকে মনোনয়ন দেয়া হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক ফরিদ আহমদ তারেক বলেন,‘ উপজেলা আওয়ামী লীগের গ্রুপিং ও কোন্দলের কারণে আমাকে হেয় করতে ও রাজনৈতিকভাবে আমার সম্মান নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এসব কথাবার্তা খুবই জঘন্য, এর জবাব দেয়ার ভাষা আমার জানা নেই। মনোনয়ন দেয়া ও পাইয়ে দেয়ার কথা বলে আমি কারো কাছে অর্থ চাইনি। আমরা সম্ভাব্য প্রার্থীদের সকল তথ্য-উপাত্ত কেন্দ্রে পাঠিয়েছি। প্রার্থীর সকল তথ্য যাচাই-বাছাই করে মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিক ফায়দা লুটার জন্য অবান্তর এসব অভিযোগ করছে। ’