স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা, আইন-বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপি সোমবার জেলার শাল্লায় আওয়ামী লীগও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়ন সভা করেছেন। এদিকে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট দাবি করেছেন,‘সুরঞ্জিত সেন গুপ্ত হেলিকপ্টারে শাল্লায় এসে ব্যারিস্টার এম এনামুল কবিরের পক্ষে উন্নয়ন সভার নামে ভোট চেয়েছেন’।
সোমবার বেলা ১ টায় হেলিকপ্টার যোগে শাল্লায় পৌঁছান সুরঞ্জিত সেন গুপ্ত। সরাসরি তিনি চলে যান উপজেলা অফিসার্স ক্লাবে। প্রায় ১ ঘণ্টা অফিসার্স ক্লাবে বসে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং উপজেলার ৪ ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীসহ অন্য কোন লোকজনকে ওখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।
সভায় শাল্লা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান
বিধান চৌধুরী, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌরাঙ্গ চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন।
পরে বিকাল আড়াই টায় দিরাই উপজেলা সদরে আসেন তিনি। দিরাই উপজেলার থানা রোডস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সুরঞ্জিত।
সোমবার দুপুর আড়াই টায় হেলিকপ্টার যোগে দিরাই হ্যালিপেডে অববতরণ করলে সেখানে তাকে স্বাগত জানান নব্য আওয়ামী লীগে যোগদানকারী উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, জেলা পরিষদ নির্বাচনের ২ দিন আগে সুরঞ্জিত সেন গুপ্তের এমন সফর আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে দাবী করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট নির্বাচন কমিশনে লিখিত আবেদন দিয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪ টায় নুরুল হুদা মুকুট এ প্রতিবেদককে বলেন,‘সুরঞ্জিত সেন গুপ্ত শাল্লা অফিসার্স ক্লাবে ব্যারিস্টার ইমনের জন্য ভোট চেয়েছেন, দিরাইয়ে একইভাবে ভোট চেয়েছেন তিনি’। একজন জ্যেষ্ঠ রাজনীতিক এভাবে আচরণবিধি লঙ্ঘন করলে সাধারণেরা কী করবে? এমন প্রশ্ন করেন মুকুট।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নরেশ চন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী বললেন,‘সুরঞ্জিত সেন গুপ্ত দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়ন সভাই করেছেন’।


