জগন্নাথপুর উপজেলা নির্বাচন ‘বিদ্রোহী’ দুই প্রার্থীকে বহিস্কার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের নৌকা প্রতীকের বিপক্ষে দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তাকে দল থেকে বহিস্কার          
করেছে উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর যৌথ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য  জানানো হয়। একই সাথে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী বিজন কুমার দেবের নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনকে বহিস্কার করতে সুনামগঞ্জ জেলা যুবলীগ ও কেন্দ্রীয় যুবলীগের দায়িত্বশীলদেরকে অনুরোধ করা হয়েছে।  
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ জরুরী সভায় সিন্ধান্ত হয়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ালীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত নৌকা প্রতীকে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আকমল হোসেন কে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত অনেক অনুরোধ করা স্বত্ত্বেও তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই। তাই উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড ও বোর্ডের সভাপতি দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিন্ধান্ত অমান্য করায় মুক্তাদীর আহমদকে সাংগঠনিক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিন্ধান্ত গ্রহণ করা হল। সাথে সাথে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের কোন নেতাকর্মী প্রকাশ্যে অথবা গোপনে তার পক্ষে প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। এছাড়া ভাইস  চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বিজন কুমার দেব’র বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগকে অনুরোধ জানানো হয়।  
এ ব্যাপারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় অগঠনতান্ত্রিকভাবে কোরাম পূরণ ছাড়াই মনগড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে যা দুঃখজনক। আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদককে বহিস্কার করার ক্ষমতা উপজেলা আওয়ামীলীগ রাখে না। আমি বিশ্বাস করি ৬ মার্চ সর্বস্তরের জনসাধারণ দল মত নির্বিশেষে একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মীকে অবমূল্যায়নের জবাব ব্যালেটের মাধ্যমে  প্রদান করবেন।
বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী  কামাল উদ্দিন জানান, আমাকে বহিস্কারের ক্ষমতা আওয়ামীলীগের নেই। আমি যুবলীগ রাজনীতির সাথে জড়িত। যুবলীগের সকল পযার্য়ের নেতৃবৃন্দের সিন্ধান্তে আমি নির্বাচনে অংশ নিয়েছি।