ছাতকে প্রতিপক্ষের দা’র কুপে রিক্সাচালক আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের দা’র কুপে আমির হোসেন (৩২) নামের এক রিক্সাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনকভাবে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার রাতে ফকিরটিলা-কুনিউড়া সড়কের কুচবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আমির হোসেন শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার মৃত আলী আজমের পুত্র।
জানা যায়, প্রায় এক মাস আগে আমির হোসেনের ভাই সিএনজি চালক নিজাম উদ্দিনের সাথে হাদাটিলা গ্রামের বাসিন্দা চেরাগ আলীর যাত্রী     
পরিবহন নিয়ে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক সালিশে নিস্পত্তির উদ্যোগে নেন স্থানীয় লোকজন। বিষয়টি মিটমাট করতে একাধিকবার সালিশ-বৈঠকের দিন ধার্য্য করলেও এক পক্ষের অনীহার কারণে ঘটনাটি ঝুলে থাকে। রবিবার রাতে আমির হোসেন তার ব্যাটারী চালিত রিক্সায় যাত্রী নিয়ে ফকিরটিলা থেকে মুলাপাড়া যাওয়ার পথে কুচবাড়ি টিলার কাছে নির্জন জায়গায় পৌছলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন রিক্সাচালক আমির হোসেনের উপর হামলা চালায়। দু’টি সিএনজি যোগে আশা প্রতিপক্ষের লোকজন রিক্সার গতিরোধ করে আমির হোসেনকে দা দিয়ে কুপিয়ে আহত করে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এসময় তার ব্যাটারী চালিত রিক্সাটিকে ভাংচুর করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে এলাকার লোকজন প্রতিবাদ জানিয়েছে।