‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নামে ভুয়া ফেইসবুক আইডি থেকে সাবধান

স্টাফ রিপোর্টার
‘দৈনিক সুনামগঞ্জের খবর’ এর নাম দিয়ে ফেইসবুকে ভুয়া আইডি ব্যবহার করে পত্রিকার নামে রাজনৈতিক বিভিন্ন দলের প্রচার, গুজব এবং কুৎসা রটানো হচ্ছে। সম্প্রতি এই বিষয়টি দৈনিক সুনামগঞ্জের খবর কর্তৃপক্ষের নজরে এসেছে। এছাড়া গত কয়েক দিন যাবৎ পত্রিকার পাঠক ও ফেইসবুক আইডি অনুসারীরা জানিয়েছেন, ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নামে খোলা এসব ভুয়া ফেইসবুক আইডি ব্যবহারকারী ও আইডিধারীদের ব্যক্তিগত কোন ছবি নেই, মোবাইল নম্বর কিংবা ঠিকানাও নেই। বরং ফেসবুক আইডির কাভার ছবিতে         
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগ সভাপতির ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি দেয়া আছে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের চলমান রাজনীতি নিয়ে শনিবার বিকালে ওই ভুয়া আইডি থেকে ‘সব ধান্দাবাজ।।। কেন্দ্রীয় কমিটি টাকা খেয়ে সম্মেলন বন্ধ করে দিল। ” বলে একটি পোস্ট দেয়া হয়েছে।
এব্যাপারে ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ নামে ফেইসবুকে একটি পেজ রয়েছে এবং এতে প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ শেয়ার করা ছাড়া অন্য কোন পোস্ট বা রাজনৈতিক প্রচারণা করা হয় না। তাই পত্রিকার পাঠক ও ফেইসবুক পেইজ অনুসারীদের এসব ফেইক আইডি পরিহার করার জন্য পত্রিকা কর্তৃপক্ষ সম্মানীত পাঠকবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।