তাহিরপুরে ঘুমের ঔষধ খাইয়ে কিশোরীকে অপহরণ ১ মাস পর উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অসুস্থ এক কিশোরীকে সুস্থতার নামে ঘুমের ঔষধ খাইয়ে অপহরণ করছে কাউসার মিয়া (৩৫) নামের এক লম্পট। অপহরণের পর দীর্ঘ এক মাস আটকে রেখে কিশোরীকে জোড় পূর্বক ধর্ষণ করেছে এরকম অভিযোগ করেছে ধর্ষিতা নিজে। এরকম ঘটনার বিবরণ দিয়ে শনিবার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ করেছে কিশোরীর মা। অভিযোগের কয়েকঘণ্টা পর অভিযুক্ত কাউসার মিয়াকে শনিবার বিকালে তার গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২৪ শে ফেব্রুয়ারি  বুধবার সন্ধ্যা ৬ টায় ওই কিশোরীর গ্রামে আত্মীয়তার সুত্রে বেড়াতে আসে পাশ্ববর্তী বড়দল উত্তর ইউনিয়নের রজনী লাইন গ্রামের কাউসার মিয়া (৩৫)। জ্বরে অসুস্থ ছিল ওই কিশোরী (১৩)। তাকে দ্রুত সুস্থ হওয়ার কথা বলে ঘুমের ওষধ খাইয়ে দেয় কাউসার। ঘুমের ওষধ খাওয়ানোর পর কিশোরী অজ্ঞান হলে সে কিশোরীকে ডাক্তারের কাছে চিকিৎসার কথা বলে সুকৌশলে অপহরণ করে। অভিযোগকারী কিশোরীর মা-বাবা কয়লা শ্রমিক। ঘটনার দিনও তারা দুজন যাদুকাটা নদীতে কয়লা কুড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন তার অসুস্থ কন্যা ঘরে নেই। তারপর বাড়িতে থাকা ছোট মেয়ে জানায় কাউসার ভাই এসেছিল, তাকে চিকিৎসার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পরবর্তীতে তিনি অনেক খুঁজাখুজি করে মেয়ের কোন সন্ধান পাননি।
ঘটনার একমাস পর কয়েকদিন পূর্বে উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে সন্ধান পান পরিবারের সদস্যরা। সন্ধানের পর মেয়েকে তার বাবা মা নিজ বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে ওই কিশোরী তার বাবা মা ও পাড়ার প্রতিবেশীকে অপহরণ ও ধর্ষণের কথা খুলে বলে।
এ বিষয়ে উত্তর বড়দল ইউপি সদস্য আব্দুস সাত্তার বলেন,‘কাউসার মিয়া ওই মেয়েকে আমার বাড়িতে রেখে যায়। আমি তার মাকে খবর দিয়ে এনে তাকে তার মায়ের কাছে দিয়ে দেই।’
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ঘটনার পর ওই মেয়ের মা বাবা আমাকে বিষয়টি অবহিত করেছে। আমি তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।’
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,‘ অভিযুক্ত কাউসার মিয়াকে বিকালে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’