একটি লুটেরা সিন্ডিকেট বাঁধের কাজ ভাগাভাগি করে নিয়ে গেছে -এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির গর্বিত সন্তান। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র । দেশের প্রতিটি উন্নয়ন কাজ আমরা তাদের সাথে নিয়ে করতে চাই।’
তিনি আরো বলেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে হাওরের স্থায়ী বেড়ি বাঁধের কার্যক্রম শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কৃষকের সোনার ফসল ঘরে তুলতে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে বেড়ি বাঁধ নির্মাণ করা হয়। আর এই বেড়ি বাঁধের কাজ সময় মত না হলে কৃষকের সোনার ফসল সময়মত ঘরে তুলতে পারবে না। পানি উন্নয়ন বোর্ডের অধিকাংশ বেড়ি বাঁধের কাজ একটি লুটেরা সিন্ডিকেট ভাগাভাগি করে নিয়ে গেছে। আমার এলাকার হাওরগুলো এখন পর্যন্ত হুমকির সম্মুখীন। অধিকাংশ হাওরের এখনও কোন বাঁধের কাজ হয়নি। আমি প্রতিটি হাওরে আমি গিয়েছি, হাওর এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’
রবিবার দুপুরে তাহিরপুর উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির    
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান খসরু ওয়াহিদ চৌধুরী প্রমুখ।