৩টি বাঁধ ভেঙ্গে ডুবছে নলুয়ার হাওর

অমিত দেব ও আলী আহমদ
জেলার অন্যতম বৃহৎ হাওর জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের তিনটি বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করছে। ফলে হাওরের ১০ হাজার হেক্টরের ফসল পানিতে ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
হাওরপাড়ের কৃষকরা জানান, শনিবার ভোর রাতে উপজেলার প্রধান নলুয়া হাওরের ডুমাখালি, শালিকা ও মাচ্ছুয়াখালি বেড়িবাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকে হাওরের আধা পাকা ফসল তলিয়ে নিয়ে যায়।  গত দুদিন ধরে কৃষকরা প্রাণপণ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি তাদের কষ্টার্জিত ফসল।
শনিবার সরেজমিন হাওর পরির্দশনকালে স্থানীয় কৃষকরা গনমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করে বলেন, এবার হাওর রক্ষা বাঁধ নির্মাণে পাউবোর কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে বেড়িবাঁধে নি¤œমানের কাজ হওয়ায় কৃষকের সোনার ফসল পাকার আগেই পানিতে তলিয়ে যাচ্ছে।
এছাড়া হাওরের অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় মাটিই ফেলা হয়নি। বরাদ্দকৃত অর্থের সিকিভাগ কাজ না হওয়ায় অকাল বন্যার আগেই তলিয়ে গেল হাওরের ফসল। পিআইসি সভাপতি ইউপি সদস্য সুজাত   
মিয়ার বিরুদ্ধে বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেছেন স্থানীয় কৃষকরা।
হাওরপাড়ের কৃষক ভূরাখালি গ্রামের সাইদুর রহমান জানান, আমরা বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত সাড়ে তিনটা পর্যন্ত নলুয়া হাওরের ফসল রক্ষার জন্য সে¦চ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করেছি। হাওরের বাঁধে ভাঙন দেখা দিলে পিআইসির সভাপতি ইউপি সদস্য সুজাত মিয়াকে আর দেখা যায়নি।’ তিনি আরো বলেন,‘নলুয়া হাওরে এবছর তিনি ১২ কেদার জমিনে চাষাবাদ করেছেন।  ফসল পাকার আগেই পানিতে তলিয়ে গেছে। গত বছরও ফসল পাইনি। কী করব এখন চোখে পথ দেখছি না।’
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া নলুয়ার হাওর তলিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন,‘হাওরে কৃষকদের মধ্যে হাহাকার ও কান্না দেখা দিয়েছে। গত বছরও হাওর রক্ষা করা যায়নি।’ তিনি যে জায়গা দিয়ে পানি প্রবেশ করেছে সেই জায়গার বাঁধ নির্মাণে ঠিকাদার ও একটি পিআইসির কাজের গাফলাতির কথা স্বীকার করেন।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করে বলেন,‘ শত চেষ্টা করেও ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষা করা গেল না। বাঁধ ভেঙ্গে হাওরের ফসলহানি ঘটেছে।’ তিনি বলেন,‘ক্ষতিগ্রস্ত কৃষকরা পিআইসি ও দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবী করেছেন।’
উপজেলা কৃষি কর্তকর্তা শওকত ওসমান মজুমদার জানান, এবছর নলুয়াহাওরসহ উপজেলার ছোটবড় ১৫টি হাওরে ২৫ হাজার হেষ্টর ফসলের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে নলুয়া হাওরে ১০ হাজার হেক্টর জমি রয়েছে।