জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের বিভিন্ন হাওরে ধান পঁচে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে মাছ। মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ উপজেলার সর্ববৃহৎ নলুয়া, মইয়ার, পিংলার হাওর ও নলজুর নদী পরির্দশন করে ঔষধ প্রয়োগ করেছেন বিভিন্ন হাওরে।
হাওর পরিদর্শন শেষে সিলেট বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোশায়েফ হোসেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, গত ৩ দিনে জগন্নাথপুরের বিভিন্ন হাওরে এমোনিয়া গ্যাসে আক্রান্ত হয়ে ৫.২৫ মে. টন মাছ মারা গেছে।
তিনি জানান, মঙ্গলবারও হাওরে মাছ মরে ভাসতে দেখা গেছে। হাওরের কাঁচা ধান পঁচে যাওয়ায় পানিতে অক্সিজেন কমে গেছে। এই মুহূর্তে বৃষ্টি হলে হাওরে মাছ রক্ষার জন্য খুবই ভাল হতো। আমরা মাছ সংরক্ষণে প্রচুর পরিমাণের চুন ও ঔষধ প্রয়োগ করছি।
হাওর পরির্দশনে
উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কাইয়ুম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ দিন ধরে উপজেলার বিভিন্ন হাওরে মাছ মরে পঁচে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উপজেলা প্রশাসন এসব মাছ না খাওয়ার জন্য আহ্বান জানিয়ে মাইকিং করেছেন।


