ভিজিএফ কার্ড প্রণয়নে ফসলহারাদের কাছ থেকে ট্যাক্স আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭ ও ৯ নং ওয়ার্ডে ভিজিএফ কার্ড প্রণয়নে অর্থ আদায়, চাল ওজনে কম দেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ও বৃহস্পতিবার পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকার বাসিন্দাগণ। ভিজিএফের ত্রাণ প্রদানের আগে স্থানীয় ইউপি সদস্যদের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ   
 করছেন স্থানীয়রা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১৯০ জন কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে ট্যাক্স আদায় করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ফুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য রবিউল আওয়াল ফকির প্রত্যেক কৃষককে ভিজিএফের দ্বিতীয় কিস্তিতে ৩০ কেজি চালের স্থলে ৫ কে কেজি করে ওজনে কম দিয়ে ২৫ কেজি চাল দিয়েছেন। ভিজিএফ কার্ডধারী ওই ১৯০ জন কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে ট্যাক্স আদায় করা হয়েছে। কারো কারো কাছ থেকে রশিদ না দিয়ে টাকা আদায় করা হয়েছে। কাউকে রশিদ দিলেও কোন স্বাক্ষর নেই।
একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়না মিয়া ভিজিএফ কার্ডধারীদের ত্রাণ সহায়তা না দিয়ে টাকার বিনিময়ে অন্যদের কাছে বন্টন করেছেন। ভিজিএফের ত্রাণ সহায়তার সময় ইউনিয়ন ট্যাক্স আদায় করছেন। ইউপি সদস্য আয়না মিয়া নাকি বলেন, সরকারি মাল নিতে চাও, তাহলে টাকা দিতে হবে। না হলে তোমাদের নাম কেটে দেয়া হবে।’
গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন,‘ কাউকে ভিজিএফের চাল ওজনে কম দেয়া হয়নি। ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে। কার্ডের জন্য কারো কাছ থেকে কোন ইউপি সদস্য টাকা আদায় করেনি। যারা এসব অভিযোগ করেছেন তারা মিথ্যা অভিযোগ করেছেন। ট্যাক্স আদায়ের জন্য সরকারের নির্দেশনা রয়েছে তাই আমরা আদায় করছি। ’