জগন্নাথপুরে বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে বিদ্যুতের দাবিতে মানববন্ধব ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে পূর্ব নির্ধারিত বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসুচী পালিত হয়নি। রবিবার বেলা ১১টার দিকে ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা যখন স্থানীয় পৌরপয়েন্টে কর্মসুচীর প্রস্তুুতি নিচ্ছেন তখন জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর ও ছাতক উপজেলার বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত  নিবার্হী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার, ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক      রেজাউল করিম রিজু মিয়া আন্দোলনকারীদের দাবীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করলে আন্দোলনকারীরা ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করেন।
এসময় বক্তব্য রাখেন, ওসি হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী  শ্যামল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম, আবদুল মনাফ, এম,এ নুর, জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ। এর পূর্বে পৌর পয়েন্টে মানববন্ধব কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এদিকে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান ও আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বিদ্যুৎ আন্দোলনের নেতা শাহ নুরুল করিম জানান, সাম্প্রতিককালে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট চলছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। তাই আমাদের ন্যায্য দাবি আদায়ে আমরা কর্মসূচী গ্রহণ করি। স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রাথমিকভাবে ঘেরাও কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে।  
জগন্নাথপুরের বিদ্যুতের দায়িত্বে থাকা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার জানান, জগন্নাথপুরের বিদ্যুৎ সদস্য দ্রুত সমাধান করা হবে।