জগন্নাথপুরে ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। শনিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত মনাই সাধুর পুত্র রুবেল মিয়া (৩০) বাউধরন গ্রামের এক স্কুল ছাত্রীকে প্রায় ৫ মাস পূর্বে ভালবাসার ফাঁদে ফেলে খাগাউড়া গ্রামের জনির মিয়ার বাড়িতে   ধর্ষণ করে। মেয়েটির অগোচরে ধর্ষনচিত্রটি মুঠোফোনে ধারণ করে ওই মেয়েটিকে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি প্রতিবাদ করলে ধর্ষণের চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটিকে প্রায় ৫ মাস ধরে ধর্ষন করে। সম্প্রতি ওই মেয়েটির চাচার সঙ্গে জনির বিরোধ দেখা দিলে জনি ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ধারণকৃত চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ধর্ষিতার চাচা জগন্নাথপুর থানার একটি লিখিত এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে ধর্ষক রুবেল কে গ্রেফতার করে। অপর সহযোগী জনি মিয়া পলাতক রয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।