বাংলাদেশে সবচাইতে বড় ঘাতকের নাম সড়ক দুর্ঘটনা। প্রতিদিন এই ঘাতক কেড়ে নিচ্ছে অসংখ্য প্রাণ। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর এক জরিপের তথ্য মোতাবেক দেশে গড়ে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২৩ হাজার ১৬৬ জন নিহত হন আর তাতে প্রতিদিন গড়ে নিহতের সংখ্যা ৬৪ জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেনের মতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর দেশের জিডিপির দুই শতাংশ ক্ষতি হয়, টাকার অংকে যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকা। সড়ক দুর্ঘটনার জন্য যেসব কারণকে সামনে আনা হয় সেগুলো হলো অযোগ্য যানবাহন, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ সড়ক, চালক ও সাধারণ মানুষের ট্রাইফ আইন সম্পর্কে অসচেতনতা ও আইন না মানার মনোভাব। বলা বাহুল্য সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার প্রতিবছর বাড়ছে। এটি এখনই ভয়ানক একটি সমস্যা হিসেবে বিবেচিত হলেও এর নির্মূলে সরকারি-বেসরকারি কোন উদ্যোগ নেই বললেই চলে। সড়ক দুর্ঘটনাজনিত এই পরিসংখ্যান বর্ণিত হলো একটি করুণ ঘটনাকে সামনে রেখে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায় সিলেট থেকে সিএনজি যোগে ছাতক আসার পথে গোলাপগঞ্জ উপজেলার উপজেলা শিক্ষা অফিসার চিন্তাহরণ দাস ও ছাতকের অধিবাসী সিলেটে অধ্যয়নরত কলেজ ছাত্র দুলন মিয়ার করুণ মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সিলেট-সুনামগঞ্জ সড়কের চানপুর এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের বহনকারী সিএনজির। এতে ঘটনাস্থলেই বর্ণিত দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। একই দিনে ধর্মপাশা উপজেলার সুনই সেতুর উত্তর পাশে ইজিবাইক উল্টে গিয়ে নজরুল ইসলাম লতু নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। প্রায় প্রতিদিনই এরকম মৃত্যু ঘটছে নানা স্থানে। এইসব দুর্ঘটনায় একএকটি মৃত্যু এক একটি পরিবারকে পথে বসিয়ে দিচ্ছে। কোন মানুষই চান না অপঘাতে তার মৃত্যু ঘটুক। কিন্তু আমাদের চারপাশে এত সুনিপুণভাবে মৃত্যু আয়োজন সাজিয়ে রাখা হয়েছে যে কখন কাকে ওই মৃত্যুদানব আঘাত করবে বুঝার উপায় নেই। প্রয়োজনের তাগিদে মানুষকে ঘর থেকে বেরোতেই হয়, তাকে স্থানান্তরে যেতে সড়ক পথের নানা যানবাহনেও চড়তে হয়। মৃত্যুঝুঁকির কথা মনে থাকলেও এ ছাড়া কারো কোন উপায় থাকে না। সত্যিকার অর্থে এখন এই দেশের মানুষ মৃত্যুকে হাতে রেখেই ঘর থেকে বের হন। সুস্থ দেহে দিনশেষে বাড়ি ফিরলেই কেবল বলা সম্ভব আজকের দিনটি নিরাপদেই কাটল।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে বহুমুখী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। এর মধ্যে যেমন যানবাহন, চালক, সড়ক ও ট্রাফিক আইন মানার বিষয়গুলো জড়িত রয়েছে তার সাথে সমান গুরুত্ব দিয়ে অন্য যে জিনিসটি দরকার তা হলো সড়কপথের উপর যাত্রীর চাপ কমানো। আশ্চর্য বিষয় হলো বাংলাদেশে রেল ও নৌপথকে গুরুত্ব না দিয়ে ক্রমাগত সড়কপথের উপর যাত্রীদের ঠেলে দেয়া হচ্ছে। কিন্তু বৈশ্বিক গণযোগাযোগ কাঠামো পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় সর্বত্রই রেলপথকে বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে। বাংলাদেশেও যদি সড়ক পথের সাথে রেল ও নৌপথকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজানো হতো তাহলে বছর বছর এত অধিক সংখ্যক মানুষের করুণ মৃত্যু ঘটত না, এ কথা নির্দ্ধিধায় বলা যায়। সড়ক দানবকে নিয়ন্ত্রণের জন্য সড়ককে চাপমুক্ত করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। একই সাথে দুর্ঘটনার অপরাপর যেসব কারণের কথা বলা হয় সেগুলোও কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার উপায় উদ্ভাবন করা সমান জরুরি।
- হাওরের ফসলহানি- জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
- দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন প্রজন্ম গড়ে তোলার উপর -শিক্ষামন্ত্রী

