স্টাফ রিপোর্টার
জেলার ৫ টি নির্বাচনী আসনেই বর্তমান সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের পাশপাশি অনেক নতুন মুখও এবার ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ শুভেচ্ছার মাধ্যমে মূলত আগামী জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী হবার সম্ভাবনার কথা জানান দিয়েছেন তাঁরা। সম্ভাব্য এসব প্রার্থীদের কেউ কেউ সরাসরি নিজেরাই পোস্টার কিংবা বিলবোর্ড সাঁটিয়েছেন। আবার কারো কারো সমর্থকরা তাদের নেতাদের পক্ষে পোস্টার, বিলবোর্ড, পত্রিকায় বিজ্ঞাপন, গণ্যমাণ্যদের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর-মধ্যনগর) আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পোস্টার ও বিলেবোর্ড দিয়েছেন তাঁর সমর্থকরা। এছাড়া এই আসনে নির্বাচন করতে আগ্রহী সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহ্রিয়ার, অব. যুগ্ম সচিব আওয়ামী লীগ নেতা বিনয় ভূষণ তালুকদার, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য নজির হোসেন, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিক চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, অ্যাড. রঞ্জিত সরকার, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার প্রমুখ নানাভাবে নিজের প্রার্থী হবার আগ্রহের কথা জানান দিয়েছেন।
সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এবং সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিনের পক্ষে
তাদের সমর্থকরা কোথাও কোথাও ঈদ-উল আযহার শুভেচ্ছা জানানো বিলবোর্ড দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম, প্রবাসী আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টনও ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের পক্ষে সমর্থকরা বিভিন্ন স্থানে বিলবোর্ড- পোস্টার দিয়েছেন। একইভাবে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, জমিয়তে উলামায়ে ইসলামের অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, বিএনপি নেতা কর্ণেল অব. আলী আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ফারুক আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট এম আর খালেদ তুষারও জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জবাসীকে পোস্টার- বিলবোর্ডের মাধ্যমে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
সুনামগঞ্জ-৪ (সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা জাপা’র আহ্বায়কের পক্ষে পোস্টার- বিলবোর্ড সাঁটিয়েছেন তাঁর সমর্থকরা। এই আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের পক্ষেও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিলবোর্ড দিয়েছেন তাঁর সমর্থকরা। একইভাবে গত জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত (পরে কেন্দ্রীয় নির্দেশে প্রত্যাহার) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সমর্থকরা তাঁর পক্ষে বিলবোর্ড দিয়েছেন স্থানে স্থানে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের পক্ষেও কোথাও কোথাও ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি ও যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি গোলাম রব্বানী আহমেদ সোহেল সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুরবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
সুনামগঞ্জ- ৫ (ছাতক- দোয়ারা) আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা জানানো পোস্টার- বিলবোর্ড সাঁটানো হয়েছে। একইভাবে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে বিলবোর্ড- পোস্টার সাঁটিয়েছেন কর্মী-সমর্থকরা। এছাড়া জাপা’র সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফ আলী, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী’র পক্ষে নানাভাবে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে।
- শ্রীরামসী গণহত্যা দিবসের আলোচনায় বক্তারা- নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেবে
- গচিয়া গ্রামে মা-বাবার পাশেই শায়িত


