সু.খবর ডেস্ক
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির মুসলিম নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন হবে বলে জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলায় এক দলীয় অনুষ্ঠানে এ কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গারা আজ বাংলাদেশের নাফ নদীর পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে।
“বিএনপির পক্ষ থেকে আমি জানাচ্ছি যে, তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে এক ঘণ্টার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন হবে।”
মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে আসা পাঁচ লাখের বেশি রোহিঙ্গার ভার গত কয়েক দশক ধরে বহন করে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
এর মধ্যে গত বছরের অক্টোবরে সেনা অভিযানের মুখে আরও প্রায় ৮৭ হাজার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে ঢুকে পড়ে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর।
সর্বশেষ গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে হামলার পর থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল চলছে। এতে প্রায় এক লাখ ২৫ হাজার মিয়ানমারের মুসলিম নাগরিক বাংলাদেশমুখী হয়েছে বলে জাতিসংঘের হিসাব।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠানে আইনজীবী কামরুল ইসলাম সজলসহ নেতারা বক্তব্য রাখেন।


