শিক্ষা ক্ষেত্রে সব ব্যয় এক সময় রিটার্ন হিসেবে ফিরে আসবে -বকুল

ছাতক প্রতিনিধি
উপজেলা শিক্ষা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, ‘প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সহনশীল ও দূষণমুক্ত পরিবেশে জ্ঞানভিত্তিক শিক্ষা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তাদের গড়ে তোলতে হবে। শাসন নয়- সোহাগের চাদরে আবৃত করে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোনিবেশ করাতে হবে। মনে রাখতে হবে, শিক্ষা ক্ষেত্রে সব ব্যয় এক সময় রিটার্ন হিসেবে দেশ, জাতি ও পরিবারের কাছে ফিরে আসবে।’ মঙ্গলবার বিকেলে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমীন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু সাঈদ মাহমুদের পরিলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, ঝিগলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র পাল।
এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এ বিদ্যালয়ের ১শ’ জন গরীব শিক্ষার্থীকে স্কুল  এবং প্রাক-প্রাথমিক শ্রেণির সকল শিশু শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদানের ঘোষণা দেন। এ ছাড়া বিদ্যালয়ের জরাজীর্ণ টিনশেড ঘরের স্থলে নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।