স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেছেন, ‘আধুনিক, যুগোপযোগি পৌরসভা গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। গণ-মাধ্যমকর্মীসহ নাগরিকদের সহযোগিতা পেলে সুনামগঞ্জ পৌরসভাকে আমরা সেই পর্যায়ে নিয়ে যাব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো নিগার সুলতানা কেয়া’র আহ্বানে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে পৌর মেয়র এমন মন্তব্য করেন।
পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল বলেন, ‘সংবাদ সম্মেলনে গ্রহণ করার অনেক ভালো মতামত এসেছে, সুনামগঞ্জ পৌরসভাকে পরিষ্কার পরিছন্ন হিসাবে গড়ে তুলতে এই মতামত অনেক কাজে লাগবে। শহরকে পরিছন্ন রাখতে সবাইকে
সচেতন করতে হবে। মানুষ সচেতন না হলে শহরকে পরিছন্ন রাখা কোনভাবেই সম্ভব নয়। আমরা আইন করতে পারি, সে আইন যদি কেউ মানে না তাহলে সে আইন থাকা না থাকা সমান।’
তিনি বলেন, ‘আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পৌর মেয়র হওয়ায় ৬টি দেশ সফর করেছি, আমি দেখেছি তারা কিভাবে মানুষকে সচেতন করেছে। অস্ট্রেলিয়ায় আমাদেরকে চিপস খাওয়ার জন্য দিয়েছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ডাস্টবিন পাইনি আমরা খোসাটা পকেটে রেখেছি, ফেলতে পারিনি। মানুষকে সচেতন করা সম্ভব হয়েছে বলেই এটি সম্ভব হয়েছে।’
প্রথমআলো বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ’এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল কো অর্ডিনেটর সুদিপ্ত চৌধুরী, পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল ও চঞ্চল কুমার লৌহ, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন প্রমুখ।


